
চট্টগ্রামের চন্দনাইশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা করে নগদ অর্থের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে চন্দনাইশ উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সহায়তা বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান।
কারিতাস চন্দনাইশ এরিয়া ম্যানেজার মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক চয়ন হিউবার্ট রিবেরু, চট্টগ্রামের প্রোগ্রাম কর্মকর্তা ডানিয়েল শিপু গমেজ, চন্দনাইশ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী রাজীব মজুমদার, সাবেক কাউন্সিলর নুরুল কবিরসহ কারিতাসের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, কারিতাস বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। মানুষের টেকসই জীবিকা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও সংস্থাটির ভূমিকা প্রশংসনীয়। চন্দনাইশ পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ায় তিনি কারিতাসকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে চন্দনাইশ পৌরসভা এলাকার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের প্রত্যেককে ৬ হাজার টাকা করে মোট ১৮ লাখ টাকা নগদ সহায়তা এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন অতিথিরা।




