
নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী হাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে তিন মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী।
মঙ্গলবার বিকেলে বোড়াগাড়ী হাটের মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী তিন ব্যবসায়ীকে প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।
ব্যবসায়ীরা হলেন বোড়াগাড়ী বাজারের সন্তোষ কুমার দাস, রবিউল ইসলাম ও আব্দুর রহমান।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।




