
পিরোজপুরের জিয়ানগরে সরকারি খাল দখল করে অবৈধভাবে নির্মিত ৮টি দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার পিরোজপুর জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. রুবাইয়াত ফেরদৌস ও জিয়ানগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওলিউর রহমান (রুবেল)-এর নেতৃত্বে এবং ইন্দুরকানী থানা পুলিশের সহযোগিতায় উপজেলার কালাইয়া খায়েরহাট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ করা দোকানঘরগুলোর মালিকরা হলেন—মো. জামাল মোল্লা, মো. মামুন, মো. বাশার আকন, নুরুল ইসলাম, মো. বাসার মৃধা, মো. হাবিবুর রহমান, মো. সোবাহান খান ও মো. আনিস।
প্রশাসন সূত্রে জানা যায়, উচ্ছেদের আগে দোকানঘরগুলোর মালিকদের নিজ নিজ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তবে নোটিশ পাওয়ার পরও কোনো দোকান মালিক তাদের স্থাপনা সরিয়ে নেননি। পরে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রশাসন অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে।
উচ্ছেদ অভিযান চলাকালে পুলিশ সদস্য, সাংবাদিক ও স্থানীয় শত শত মানুষ উপস্থিত ছিলেন।
জিয়ানগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওলিউর রহমান (রুবেল) বলেন, “সরকারি জমি ও খাল দখল করে নির্মিত সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। উপজেলার বিভিন্ন বাজারসহ সরকারি জমিতে থাকা অবৈধ স্থাপনাগুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।”
পিরোজপুর জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. রুবাইয়াত ফেরদৌস বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দখলকারী দোকান মালিকদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হলেও তারা তা আমলে নেননি। পরে বাধ্য হয়ে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমি ও খাল অবৈধভাবে দখল করে নির্মিত সব স্থাপনা উচ্ছেদে এ অভিযান অব্যাহত থাকবে।”




