
চট্টগ্রাম রেঞ্জের মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৫৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার করা হয়েছে ২১৩ জনকে। একই সময়ে ৫১টি মাদক মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার সকাল থেকে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানের বিষয়ে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, মাদক মামলায় ১৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদক বহনকারী দুজন ও মাদকসেবী ১৪৫ জন। এ ছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় ৬৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেফতারের সংখ্যা ২১৩ জন।
এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড করা হয়েছে ৩২ হাজার ২০০ টাকা।
অভিযানে ৩ হাজার ২৬২ পিস ইয়াবা, ৩০১ লিটার চোলাই মদ, ৫৮ কেজি ৪৯২ গ্রাম গাঁজা, ১৫৬ বোতল বিদেশি মদ, ৩০ ক্যান বিয়ার, ৪৫ বোতল সিরাপ ও ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া, নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নিয়মিত মামলায় ১২০ জন, পূর্ববর্তী মামলায় ৭৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৬ জন, পরোয়ানামূলে ১৪০ জন এবং সাজা পরোয়ানামূলে ২১ জন রয়েছেন।
জনস্বার্থে মাদকবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।




