
রাজধানীর মতিঝিলে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এজিবি কলোনি কাঁচাবাজার পর্যন্ত সড়কের পাশের ফুটপাতে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএসসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফুটপাত দখল করে স্থাপিত বিভিন্ন অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত করা হয়।
ডিএসসিসি জানিয়েছে, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা ও স্থাপনা নির্মাণের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




