
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নকে বাল্যবিবাহ, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও শিশুশ্রমমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় গোবরাতলা ইউনিয়ন পরিষদে এ অঙ্গীকারবদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জাবেদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মডেল থানার এসআই মো. আকবর আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন এবং গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মুকুল হোসেন।
বক্তারা বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধের কোনো বিকল্প নেই। পাশাপাশি বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া বন্ধ করতে না পারলে এ লক্ষ্য অর্জন সম্ভব হবে না। এসব কার্যক্রম সফল করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ এডিপির সিনিয়র প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা ডেঙ্গু জ্বরের কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।
গোবরাতলা ইউনিয়ন পরিষদে আয়োজিত এ অনুষ্ঠানে শিশু সুরক্ষা, শিক্ষা এবং স্বাস্থ্যসচেতনতার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।




