
চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মানসিক ভারসাম্যহীন নারীর সঙ্গে এক ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সিসিটিভির ধারণকৃত ভিডিওটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর (রোববার) সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে পৌরসভার ‘চাইলার গো পুল সংলগ্ন একটি দোকানের সামনে ওই নারীকে বসে থাকতে দেখা যায়। পরে তাকে নিয়ে পাশের জঙ্গলে এক ব্যক্তির যাওয়ার দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওতে থাকা ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দারোয়ান মো. আবুল বাশার হিসেবে স্থানীয়ভাবে শনাক্ত করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে জানতে তার কর্মস্থল ও ব্যক্তিগত মেবাইলে সংযোগ পাওয়া যায়নি।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে ওই নারী যেহেতু মানসিক ভারসাম্যহীন, তার সাথে এমন ঘটনার নিন্দা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হালদার বলেন, সিসিটিভির ভিডিওটি আমরা দেখেছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




