
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ সকাল ১০টায় স্বরূপকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা থেকে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ পর্যন্ত খালে এ অভিযানের উদ্বোধন করা হয়।
‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেছারাবাদের নবাগত উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ, বিএনপির থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মানিক, থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, রেড ক্রিসেন্ট এর পরিচ্ছন্নতা কর্মী এবং গণমাধ্যমকর্মীরা।
অভিযানের উদ্বোধনকালে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। খাল, নালা ও আশপাশের পানি জমে থাকা স্থান নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে মশার বংশবিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরে জেলা প্রশাসকের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় অংশগ্রহণকারীরা খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। পরবর্তীতে তিনি উপজেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজ পরিদর্শন করেন।




