
নড়াইলে মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফাতেমা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার স্বামী সৈয়দ হোসেন আলী (৪০) ঘটনাস্থলে না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তার ফাতেমা বেগম হবখালি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের মৃত আহমেদ শিকদারের মেয়ে এবং সৈয়দ হোসেন আলীর স্ত্রী। অপর পলাতক আসামি সৈয়দ হোসেন আলী একই গ্রামের মৃত সৈয়দ রাজা আলীর ছেলে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার হবখালি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে এ অভিযান চালানো হয়। রাতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক শেখ আব্বাস উদ্দীনের নেতৃত্বে একটি অভিযানিক দল সদর উপজেলার হবখালি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের ফাতেমা বেগম ও তার স্বামী সৈয়দ হোসেন আলীর বসতঘরে অভিযান চালায়। এ সময় তল্লাশির একপর্যায়ে ফাতেমা বেগমের ডান হাতে থাকা একটি নীল রঙের জিপারে পলিথিনে মোড়ানো অবস্থায় অ্যামফিটামিনযুক্ত কমলা বর্ণের ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ১২ গ্রাম। ঘটনাস্থলেই ডিজিটাল স্কেলের মাধ্যমে ইয়াবাগুলোর ওজন পরিমাপ করে জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা বেগমের কাছ থেকে তারা স্বামী-স্ত্রীর যোগসাজশে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্যের ব্যবসা করার তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। তবে অভিযানের সময় স্বামী সৈয়দ হোসেন আলী বাড়িতে না থাকায় তাকে আটক করা যায়নি।
এ ঘটনায় ফাতেমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।




