
গাজীপুরের কাপাসিয়ায় মুখে কালো কাপড় বেঁধে নিখোঁজ স্কুলছাত্র তাফসিরুল ইসলাম অনন্তকে দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের বীর উজলী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বীর উজলী মডেল একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে অংশ নেন। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নিখোঁজ অনন্তকে দ্রুত জীবিত ও অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অনন্তের সন্ধানের দাবি জানান। তাদের দাবি, নিখোঁজ হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও এখনো অনন্তের কোনো সন্ধান না মেলায় পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
বক্তারা বলেন, একটি স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা কোনোভাবেই সাধারণ ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। অনন্ত কোথায় আছে, কী অবস্থায় আছে—এ নিয়ে প্রতিটি মুহূর্তে তার পরিবারের সদস্যরা উদ্বেগে দিন কাটাচ্ছেন। দ্রুত তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা প্রয়োজন।
তারা আরও বলেন, অনন্তকে উদ্ধারের জন্য প্রয়োজন হলে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্যসহ সব ধরনের প্রযুক্তিগত সহায়তা ব্যবহার করতে হবে। একই সঙ্গে নিখোঁজের ঘটনার রহস্য উদঘাটন করে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
উল্লেখ্য, বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র তাফসিরুল ইসলাম অনন্ত নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর আগে তাকে দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা।
নিখোঁজ অনন্তের সন্ধান না মেলায় পুরো এলাকায় উদ্বেগ বাড়ছে। পরিবারের সদস্যদের একটাই দাবি—অনন্তকে দ্রুত খুঁজে বের করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।




