সুলতান আহমদ খলিল, বড়লেখা (মৌলভীবাজার)

মৌলভীবাজারের বড়লেখায় ‘আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারের গৃহীত কর্মসূচির আওতায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বড়লেখা পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম মাহবুব।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাঈমা নাদিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু এবং বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকারা এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের গৃহীত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় জানানো হয়, বড়লেখা উপজেলায় বিভিন্ন প্রজাতির চারা রোপণ ও বিতরণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণের মধ্যে এসব চারা বিতরণ করা হবে।
বক্তারা আরও বলেন, শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। ‘একটি গাছ একটি প্রাণ’—এই উপলব্ধি থেকে সবাইকে বৃক্ষরোপণ ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।




