
ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে একটি আকাশমণি গাছের বড় একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। একই সঙ্গে বজ্রপাতের তীব্রতায় একটি মাদরাসার কয়েকটি বৈদ্যুতিক ফ্যান, বাতি ও বায়োমেট্রিক হাজিরা ডিভাইস নষ্ট হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার কাতলামারী ইসলামিয়া দাখিল মাদরাসার মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে মাদরাসা মাঠে থাকা আকাশমণি গাছটির বড় একটি অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। বজ্রপাতের তীব্রতায় মাদরাসা ভবনের ভেতরে থাকা কয়েকটি ফ্যান ও বাতি ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে ব্যবহৃত বায়োমেট্রিক হাজিরা ডিভাইসটিও নষ্ট হয়ে যায়।
মাদরাসার নৈশপ্রহরী আরিফুজ্জামান জানান, তিনি রাতে মাদরাসায় দায়িত্ব পালন করছিলেন। ভোর ৪টার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে মাদরাসার ৫-৬টি ফ্যান ও বাতি এবং বায়োমেট্রিক হাজিরা ডিভাইস নষ্ট হয়ে যায়। বজ্রপাতের সেই বিকট শব্দের আতঙ্ক এখনও কাটেনি বলে জানান তিনি।
মাদরাসার সুপার মাওলানা মো. মোফাজ্জল হক বলেন, খবর পেয়ে তিনি মাদরাসায় এসে ক্ষয়ক্ষতি দেখতে পান। বজ্রপাতে ৫-৬টি ফ্যান ও বাতি এবং বায়োমেট্রিক হাজিরা ডিভাইসটি নষ্ট হয়েছে।
ঘটনার সময় মাদরাসায় কোনো শিক্ষার্থী বা শিক্ষক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। গাছ ও বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষয়ক্ষতিতে মাদরাসা কর্তৃপক্ষের আর্থিক ক্ষতি হয়েছে। তবে বজ্রপাতের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।




