
নওগাঁর ধামইরহাটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা শারমিন।
জাতীয় নজরুল বর্ষ উপলক্ষে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ের শিক্ষার্থীদের পৃথক গ্রুপে নৃত্য, নজরুলসংগীত, চিত্রাঙ্কন, রচনা, অভিনয়, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মোস্তফা কামাল জিন্না, প্রভাষক আব্দুর রাজ্জাক, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম ও আমজাদ হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই দারিদ্র্য ও নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেড়ে ওঠেন তিনি। পরবর্তী সময়ে সাহিত্য, সংগীত ও সাংবাদিকতার মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতিতে অসামান্য অবদান রাখেন।
তারা বলেন, মাত্র ২৩ বছরের সৃষ্টিশীল সাহিত্যজীবনে নজরুল কবিতা, গান, উপন্যাস, প্রবন্ধ ও নাটকসহ বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় নতুন মাত্রা যোগ করেন। ‘বিদ্রোহী কবি’ হিসেবে খ্যাতি পেলেও তাঁর সৃষ্টিকর্মের বিস্তৃতি ছিল বহুমাত্রিক।
বক্তারা আরও বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।




