
চিংড়ি ঘেরে ইঁদুর খেতে এসে ধরা পড়েছে ৬ ফুট সাইজের একটি গোখড়া। বাগেরহাটের চিতলমারী উপজেলার শহীদ মিনারের সামনে সাপটিকে নিয়ে আসা হলে উৎসুক লোকজন এ সাপটি দেখতে ভিড় করেন। এটি বিষধর সাপ। এর কামড়ে বেঁচে থাকার সম্ভবনা খুবই কম বলে জানালেন অনেকে।
উপজেলার পাটরপাড়া গ্রামের হাফিজুল বিশ্বাস জানান, বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে তিনি তার চিংড়ি ঘেরে যান। এ সময় তার সামনে একটি ইঁদুরকে তারা করে গোখড়া। সাপটি ইঁদুরকে ধরে ফেলে। এ সময় তার হাতে থাকা মাছ শিকারের টোঁটা দিয়ে সাপটিকে কোপ মারেন। সাপটি টোঁটাবিদ্ধ হলে তিনি চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে নিয়ে আসেন। এ সময় উৎসুক লোকজনের ভিড় জমে যায় সাপটিকে এক নজর দেখার জন্য। এলাকার চিংড়ি ঘেরে এমন অসংখ্য সাপ প্রতিনিয়ত লোকজনের সামনে পড়ে বলে জানালেন অনেকে।
সাপ দেখতে আসা মিজান মুন্সি জানান, এধরণের সাপ অনেক আছে চিংড়ি ঘেরে। ঘেরের পাড়ে গেলে অনেক সাবধানে চলতে হয়। এ সাপে কামড় দিলে তার আর বাঁচার সম্ভবনা খুবই কম থাকে। আজকাল সাপের উপদ্রব বেড়ে গেছে বলেও জানান তিনি।




