
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় পৌরসভার বিভিন্ন মন্দিরে অনুদান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভালুকা পৌরসভার তহবিল থেকে পৌর এলাকার দুটি মন্দিরের উন্নয়নকাজে আংশিক আর্থিক সহায়তা দেওয়া হয়।
ভালুকা পৌরসভার সরকারবাড়ি দুর্গা মন্দিরে পূজার সময় আগত ভক্তদের জন্য সুপেয় পানির ব্যবস্থা এবং শ্রী শ্রী কালীমাতা মন্দিরের নির্মাণকাজে এ অনুদান দেওয়া হয়।
মন্দির দুটি পরিদর্শন করে অনুদানের অর্থ প্রদান করেন ভালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন।
এ সময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বী স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জানান, দুর্গাপূজাকে সামনে রেখে মন্দিরের প্রয়োজনীয় উন্নয়নকাজে এ ধরনের সহায়তা পূজা আয়োজনকে আরও সহজ করবে। বিশেষ করে সরকারবাড়ি দুর্গা মন্দিরে সুপেয় পানির ব্যবস্থা ভক্তদের জন্য উপকারী হবে।
এ ছাড়া ভালুকা উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং অসহায় ও দুস্থ মানুষের জন্য ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে আসছেন বলে জানা গেছে পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন।
ভালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন, “ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলো মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যার যার ধর্মীয় আচার-অনুষ্ঠান যেন শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি।”




