
ডুমুরিয়ায় এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দ্বিতীয় আসামি আছাভ ফকির (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে উপজেলার সদর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি গোলাম ফকিরের ছেলে।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, ডুমুরিয়া থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় আছাভ ফকির ২ নম্বর আসামি। এর আগে ঘটনার তিন দিনের মাথায় মামলার ১ ও ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৪ জুন দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে অভিযুক্ত জিল্লু রহমান শেখ, আছাভ ফকির ও আবু হানিফ গাজী ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার গৃহবধু সুমিত্রা রানীর স্বামী প্রদীপের নাম ধরে ডাকাডাকি করেন। দরজা খুলে বাইরে বের হলে প্রদীপকে ভয়ভীতি দেখিয়ে চুপ থাকতে বলা হয়। একপর্যায়ে গৃহবধূকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে ডুমুরিয়া উপজেলার চিংড়া নাথপাড়া গ্রামের একটি নির্জন বাগানে নিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সেখানে রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে তিনজন মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
মামলায় আরও বলা হয়েছে, ঘটনার পর অভিযুক্তরা বিষয়টি কাউকে না জানানোর জন্য ভুক্তভোগীকে ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।
ডুমুরিয়া থানার ওসি খোন্দকার হাফিজুর রহমান বলেন, “গণধর্ষণ মামলার দ্বিতীয় আসামি আছাভ ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”




