
খাল ভরাট করে ভবন নির্মাণের অভিযোগ, প্রশাসনের নেতৃত্বে শুরু হয়েছে স্থাপনা অপসারণ। পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সরকারি পয়স্তি জমি দখল করে নির্মাণ করা একটি দ্বিতল ভবন উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
আজ দুপুর ১২টার দিকে উপজেলার ৯ নম্বর সুটিয়াকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালিহারী মৌজায় এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।
স্থানীয় সূত্র ও প্রশাসন সূত্রে জানা গেছে, বালিহারী মৌজার একটি খাল ভরাট করে সরকারি পয়স্তি জমিতে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি, যিনি স্থানীয়ভাবে ‘সুতা রফিক’ নামে পরিচিত, একটি দ্বিতল ভবন নির্মাণ করেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের নজরে এলে সরকারি জমি উদ্ধারে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়। সুটিয়াকাঠি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. সানাউল হক উচ্ছেদ মামলা রুজুর জন্য নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদের কাছে প্রয়োজনীয় প্রতিবেদন পাঠান।
পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ উচ্ছেদ মামলা রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, পিরোজপুরের কাছে পাঠান। জেলা প্রশাসক উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) রুবাইয়াত ফেরদৌসকে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেন।
এর পরিপ্রেক্ষিতে আজ দুপুর ১২টার দিকে রেভিনিউ ডেপুটি কালেক্টর রুবাইয়াত ফেরদৌসের নেতৃত্বে ঘটনাস্থলে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে সরকারি পয়স্তি জমি দখলমুক্ত করতে নির্মিত ভবনটির অবৈধ অংশ অপসারণের কার্যক্রম শুরু করা হয়েছে।
প্রশাসনের এই কার্যক্রমের ফলে সরকারি জমি উদ্ধারের পাশাপাশি খাল ও সরকারি জলাশয়ের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার সুযোগ তৈরি হবে বলে স্থানীয়রা আশা করছেন।




