
দুই রাউন্ড গুলি ছুঁড়েও রক্ষা মেলেনি ডাকাত সদস্যদের। গ্রামবাসীদের ধাওয়ার মুখে ভ্যান ভর্তি মালামাল ফেলে পালিয়ে যেতে বাধ্য হয় ডাকাতরা।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাত সাড়ে তিনটার দিকে কয়েকজন ব্যক্তি ইঞ্জিনচালিত একটি ভ্যানে রড, চাল, কীটনাশকসহ বিভিন্ন মালামাল নিয়ে তিলকুড়া সড়ক দিয়ে যাচ্ছিলেন। তাদের গতিবিধি দেখে স্থানীয় কয়েকজনের সন্দেহ হয়। এবং তারা চিৎকার করে ভ্যানটি থামানোর চেষ্টা করেন। পরে তিলকুড়া ও আশপাশের এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয়ে ভ্যানটির পিছু নেন। এসময় ডাকাতদলের সদস্যরা দুই রাউন্ড গুলি ছুঁড়ে। তবে,এতে গ্রামবাসীরা পিছিয়ে না গিয়ে তাদের ধাওয়া অব্যাহত রাখেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন বলেন, স্থানীয়দের জোরালো ধাওয়ার মুখে একপর্যায়ে ভ্যান ভর্তি মালামাল ফেলে পালিয়ে যায় দূর্বৃতরা। পরে ফেলে যাওয়া মালামাল উদ্ধার করে বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়।
সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফেলে যাওয়া মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন বলেন, ফেলে যাওয়া মালামাল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।




