
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় দীপঙ্কর (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগষ্ট ) দুপুর ১২টায় উপজেলার সাদুল্লাপুর কামারপাড়া রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এ ঘটনাটি ঘটে।
নিহত দীপঙ্কর দিনাজপুর জেলার বিরল থানার ভান্ডারা গ্রামের ভুট্টু রামের ছেলে।
কামারপাড়া রেলওয়ে ষ্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার রফিক জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া ট্রেনের সঙ্গে কামারপাড়া রেলস্টেশনে আন্তনগর দোলনচাপা টেনের ক্রসিং হচ্ছিল।এসময় ওই যুবক অসাবধানতার বশত: রেল লাইনে পাড় হতে গিয়ে করতোয়া ট্রেনের ধাক্কায় মাথায় মারাত্নক জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ খবর পেয়ে গাইবান্ধা বালাসীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব গণি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন,দরিদ্র পরিবারের নিহত দীপঙ্কর পেটের দায়ে আয় উপার্জনের জন্য নিজ বাড়ি হতে দোলনচাপা ট্রেনযোগে বালাসিঘাট দিয়ে ঢাকা যাচ্ছিলেন।এরই মধ্যে কামার রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনায় তিনি মারা যান।
বোনারপাড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হাচান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
তবে এঘটনায় নিহতের পরিবারের কোন দাবি না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।




