
কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার আওতাধীন পেন্নাই গ্রামে যুবলীগ নেতা ও ইউপি সদস্য আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহারনামীয় আসামি পিন্টু মিয়া (৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পিন্টু পেন্নাই গ্রামের দবির মুন্সির ছেলে। তিনি আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহারনামীয় ১৫ নম্বর আসামি।
বাঙ্গরা বাজার থানার এসআই রবিউল ইসলাম, এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই মো. আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে পিন্টুকে গ্রেপ্তার করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাতে বাঙ্গরা উপজেলার পেন্নাই গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলায় নিহত হন শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন (৪৫)। পূর্বশত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোমেনা বেগম বাদী হয়ে ১৩ সেপ্টেম্বর রাতে ১৯ জন নামীয় ও ৪০-৪৫ জন অজ্ঞাত আসামী করে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, মাননীয় পুলিশ সুপারের দিকনির্দেশনায় প্রযুক্তির সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকায় অভিযান চালিয়ে পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




