
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের জনসংখ্যা প্রায় বিশ কোটি। অনেকে বলেন এটি একটি বড় সমস্যা। বিশ কোটি হাত অলস থাকলে সমস্যা হবে। আর যদি বিশ কোটি হাত কর্মের হাত হয়, তাহলে অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী হবে বাংলাদেশ।
তিনি বৃহস্পতিবার গাজীপুরের জয়দেবপুর পিটিআইয়ের হলরুমে ‘নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও রপ্তানি সক্ষমতা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খামারীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের ব্যাপারে আমরা সর্বদা সচেতন রয়েছি। যাতে আপনারা কোনভাবেই ঝড়ে না পড়েন। সেজন্য সরকার আপনাদের কৃষক কার্ডের আওতায় আনছে। প্রত্যেক খামারী কৃষক কার্ড পাবেন। কৃষি ক্ষেত্রে যে প্রণোদনা পায় আপনারাও (খামরী) সেটি পাবেন। তিনি বলেন, এখন আমাদের প্রয়োজন আপনাদের টিকিয়ে রাখা। আপনাদের দেখে যাতে নতুন নতুন উদ্দোক্তা তৈরি হয়। নতুন উদ্দ্যোক্তা তৈরি হলে প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থান নিশ্চিত হবে। প্রান্তিক পর্যায়ে যখন শক্তিশালী হবে তখন অর্থনৈতিকভাবে আপনারাও সমৃদ্ধ হবেন। প্রান্তিক পর্যায় সমৃদ্ধ হলে দেশ শক্তিশালী হবে।’
জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ওই কর্মশালায় সভাপতিত্বে করেন গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া।
বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ শাহজামান খান, গাজীপুরের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন প্রমুখ।




