
শ্রীপুরে এক নারী পোশাক শ্রমিককে রিসোর্টে নিয়ে জোরপূর্বক ধর্ষণের পর অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পারভেজ মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। পারভেজ মিয়া শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের আলাল উদ্দিনের ছেলে।
ধর্ষণের শিকার ওই নারী জানান, তিনি শ্রীপুরের একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। চাকরির সুবাদে পারভেজ মিয়ার সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে যোগাযোগ ও পরিচয় ঘনিষ্ঠ হতে থাকে। পরে পারভেজ তাকে বিভিন্ন কথা বলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের বৃন্দাবন রিসোর্টে নিয়ে যান।
ভুক্তভোগী নারীর অভিযোগ, রিসোর্টে নেওয়ার পর পারভেজ কৌশলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনার ভিডিও ও ছবি ধারণ করে। পরে থানায় ধর্ষণের অভিযোগ দিলে ধারণকৃত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় অভিযুক্ত পারভেজ।
এ ঘটনায় অভিযুক্তের বাবা আলাল উদ্দিন জানান, তার ছেলের সঙ্গে মেয়েটির সম্পর্ক আছে এটি সত্যি, তবে এটি ধর্ষণ নয়- প্রেমের সম্পর্ক ছিল তাদের।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আহমেদ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।




