
টাঙ্গাইলের কালিহাতীতে আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় ঐক্যের উদ্যোগে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ—এই সাত দফা দাবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন জোটের নেতারা।
এ সময় লংমার্চ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন টাঙ্গাইল জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আমির ও ১১ দলের কালিহাতী উপজেলার আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম এনামুল হক, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি এম এম হেলাল বাদশা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. শাহ আলম, এলেঙ্গা পৌর জামায়াতের সভাপতি মাওলানা রুহুল আমিন, বল্লা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাহমুদুর রহমান মিলন, এলেঙ্গা পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী মো. বিরহ সিদ্দিকী সাগর প্রমুখ।




