
হবিগঞ্জের লাখাইয়ে ১৮ সেপ্টেম্বর ভয়াল ‘কৃষ্ণপুর গণহত্যা দিবস’ উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে লাখাই উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।
উল্লেখ্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের এই দিনে উপজেলার হিন্দু অধ্যুষিত কৃষ্ণপুর গ্রামের ১২৭ জন নিরীহ মানুষকে ব্রাশফায়ারে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। এ ছাড়া ওই দিন অনেক নারী হানাদার বাহিনী ও রাজাকারদের হাতে নির্যাতিত হন।
তথ্য অনুযায়ী, ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর ভোরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পাকিস্তানি সেনা ক্যাম্প থেকে ১০ থেকে ১৫ জনের একটি হানাদার বাহিনী কৃষ্ণপুর গ্রামে আসে। এ সময় তাদের সঙ্গে যোগ দেয় ৪০ থেকে ৫০ জনের একদল রাজাকার।
পাকিস্তানি বাহিনী ১৩১ জন পুরুষকে স্থানীয় কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশফায়ারে হত্যা করে। পরে বাড়িঘরে আগুন দেওয়াসহ লুটপাট চালায়। গ্রামের নারীরাও তাদের হাতে নির্যাতিত হন। হানাদার বাহিনীর হাত থেকে বাঁচতে গ্রামের কয়েক শ মানুষ সেদিন পুকুরের কচুরিপানার মধ্যে লুকিয়ে ছিলেন।




