
বগুড়ার ধুনট উপজেলার পাঁচথুপী মিয়াপাড়া জামে মসজিদ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দুই দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মুফতি ইলিয়াস হাসান কাসেমী।
পাঁচথুপী মিয়াপাড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মীর আলহাজ রহমতুল-বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ধুনট, কাজিপুরসহ বিভিন্ন এলাকার ওলামায়ে কেরাম, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ১৪টি মাদ্রাসার মোট ২২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় কেরাত, হিফজুল কোরআন, আসমাউল হুসনা ও বাংলা বক্তৃতায় প্রথম স্থান অর্জন করে পাঁচথুপী মিয়াপাড়া মাদ্রাসা। হামদ-নাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দারুল উলুম বোয়ালকান্দি মাদ্রাসা এবং আরবি বক্তৃতায় প্রথম স্থান অর্জন করে কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া মাদ্রাসা।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা করা হয়, আগামী বছর অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।




