
পিরোজপুরের জিয়ানগর উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর ও খেজুরতলা এলাকায় এডিস মশার বংশবিস্তার প্রতিরোধ ও ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর ও ৮ নম্বর ওয়ার্ডের খেজুরতলা এলাকায় পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদারের নির্দেশনায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জোবায়ের তালুকদারের সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমে স্থানীয় চিকিৎসক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন মানুষ অংশ নেন।
সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর ও খেজুরতলা এলাকায় এ অভিযান শুরু করা হয়েছে। চেয়ারম্যান শাহিন হাওলাদারের প্রত্যক্ষ নির্দেশনায় আগামী তিন মাসব্যাপী এ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এ বিষয়ে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, “দেশ থেকে এডিস মশার প্রাদুর্ভাব দূর করতে হলে সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গুর সংক্রমণ থেকে বাঁচতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। আমাদের এ পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদার বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালেই হবে না, প্রত্যেক পরিবারকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার বংশবিস্তার না করতে পারে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। জনসচেতনতা সৃষ্টি ও ডেঙ্গু প্রতিরোধে আমাদের এ কার্যক্রম আগামী তিন মাস অব্যাহত থাকবে।”




