
মাগুরার শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় দোকানমালিক সাদ্দাম হোসেন ও জুয়ার আসরের মূলহোতা মোকাদ্দেস পালিয়ে যান।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমলসার গ্রামে একটি দোকানে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, আমলসার গ্রামের ওই দোকানে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসত। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানমালিক সাদ্দাম হোসেন ও জুয়ার আসরের মূলহোতা মোকাদ্দেস পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, আমলসার গ্রামের মো. ইউনুস শেখ (৪২), মো. জসিম শেখ (২৮), মো. সুখ চাঁদ শেখ (৩০), মো. সাইদ মোল্লা (৪০), মো. ইসরাত শেখ (৩২), মো. দেলোয়ার হোসেন (৫০), মো. বাবলু শেখ (৪৩) ও মো. বাহারুল ইসলাম (৪৮); কোদলা গ্রামের মো. শাজাহান মোল্লা (৫০); বিলনাজুর গ্রামের মো. আজের আলী শেখ (৪০) এবং কচুবাড়িয়া গ্রামের মো. ইউনুস শেখ (৪৫)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১১ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




