
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা পুলিশ বক্সের সামনে থেকে শনিবার সকালে অজ্ঞাত এক যুবকের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে রয়েছে কালো জিন্সের প্যান্ট ও কালো রঙের গেঞ্জি।
বাসন থানার এসআই মোঃ আশরাফুল আলম জানান, শনিবার সকাল সোয়া সাতটার দিকে জানতে পারেন পুলিশ বক্সের সামনের বারান্দায় কে বা কারা এক যুবকের লাশ ফেলে রেখে গেছে। এ সময়ে পুলিশ বক্সে কোন ট্রাফিক পুলিশ ছিলেন না, তারা রাস্তায় ডিউটিতে ছিলেন। তার পরিচয় পাওয়া যায়নি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, শনিবার সকাল ৬টার দিকে এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই যুবক ওই দূর্ঘটনায় আহত হওয়ার পর কেউ তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যাওয়ার পর হয়তো তার লাশ পুলিশ বক্সের সামনে রেখে চলে গেছে।
দূর্ঘটনার বিষয়ে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার এসআই আব্বাস আলী জানান, শনিবার সকাল ৬টার দিকে কড্ডা ব্রীজের কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়িগামী বালুভর্তি একটি ট্রাকের পিছনে একইগামী একটি মিনি কভার্ডভ্যান এর সংঘর্ষ হয়। এতে কভার্ড ভ্যানের চালক ও জানে আলম নামের (২৫) অপর এক যাত্রী আহত হন।
পরে এলাকাবাসী গুরুতর আহত কভার্ড ভ্যানের চালককে একটি অটোরিকশাযোগে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে পাঠায়। তবে চান্দনা চৌরাস্তা পুলিশ বক্সের সামনে পাওয়া লাশটি সেই চালকের কিনা তা তার জানা নেই। দুর্ঘটনা কবলিত ট্রাক ও কভার্ড ভ্যানটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। হতাহতদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।




