
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কার্যালয় ও পল্লী জীবিকায়ন অফিস দীর্ঘদিন ধরে জনবল সংকট। গুরুত্বপূর্ণ একটি মন্ত্রনালয়ের উপজেলা অফিসে ৬ টি গুরুত্বপূর্ণ পদের বিপরীতে বর্তমানে মাত্র ১জন কর্মকর্তা দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরে । সীমিত জনবল নিয়েও নিয়মিত দাপ্তরিক কার্যক্রম ও সেবা দেওয়ার অত্যান্ত আন্তরিক ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঐ সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে প্রয়োজনীয় জনবল পদায়ন করা হলে বর্তমান সরকারের উন্নয়ন মুলক কাজের সেবার মান ও কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সেবাগ্রহীতা ও স্থানীয়রা।
উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা গেছে, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, হিসাবরক্ষক, উপজেলা প্রকল্প কর্মকর্তা, উপ-প্রকল্প কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে ৬ টি পদের বিপরীতে ১ জন কর্মকর্তাকেই সমস্ত দাপ্তরিক কাজ, প্রকল্পের কার্যক্রম এবং উপকারভোগীদের সেবা দিতে হচ্ছে।
জনবল সীমিত থাকলেও দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রাখতে নিয়মিত ফাইল নিষ্পত্তি, প্রকল্পের কাজ তদারকি এবং উপকারভোগীদের সমগ্র সেবা দেওয়ার চেষ্টা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। পাশাপাশি উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দায়িত্বও পালন করতে হচ্ছে এই কর্মকর্তাকে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরমান ওয়াহিদ আনসারী বলেন, “৬ টি পদের বিপরীতে বর্তমানে একজন কর্মরত থাকায় কাজের চাপ অনেক বেশি। একই সঙ্গে একাধিক দায়িত্ব পালন করতে হচ্ছে। নিজের পরিবার পরিজনের জন্য ১ দিন ছুটিও নিতে পারিনা। এরপরও যথাসাধ্য চেষ্টা করছি, যাতে সেবা নিতে আসা মানুষকে কোনো ধরনের সমস্যায় না পড়তে হয়।”
সেবাগ্রহীতা সুরাইয়া বেগম ও শিরীন আক্তার বলেন, “স্যার অত্যান্ত আন্তরিকতার সাথে আমাদের কাজ করে দেন। জনবল আরও বাড়ানো হলে সেবা নিতে এসে আমাদের অপেক্ষার সময়ও কমবে।”
সেবাগ্রহীতা জোছনা বেগম বলেন, “এখানে কর্মকর্তা কম থাকলেও আমাদের তাৎক্ষণিক ভাবে কাজ গুলো করে দেওয়া হয় । আরও শুন্য স্যার গুলো থাকলে হয়তো আরো আগে কাজ সেরে চলে যেতে পারতাম । আমার মতো আর যারা সেবা নিতে আসতো তারাও আরও দ্রুত সেবা নিয়ে চলে যেতে পারতো।
স্থানীয় বাসিন্দা মিন্টু এবং রবিউল বলেন, “জনবল কম থাকায় বিভিন্ন কাজে এসে কখনো অপেক্ষা করতে হয়। দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ বা পদায়ন করা হলে সাধারণ মানুষ আরও দ্রুত সেবা পাবেন।” এই অফিসে ১ জন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে পঞ্চগড় সদর উপজেলা থেকে আসেন । তিনি বলেন আমি যেদিন কাজ থাকে সেদিন আসি। এবং সেদিন আমাকে হিসাবরক্ষকের কাজগুলোও করতে হয়।
স্থানীয়দের মতে, পল্লী উন্নয়ন বোর্ড ও পল্লী জীবিকায়ন কার্যক্রম গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা গেলে এসব কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা সম্ভব হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, তেঁতুলিয়ার মানুষের সেবার বিষয়টি বিবেচনায় নিয়ে শূন্য পদগুলোতে দ্রুত যোগ্য জনবল পদায়ন করা হবে। এতে একদিকে কর্মকর্তার ওপর কাজের চাপ কমবে, অন্যদিকে সাধারণ মানুষ আরও দ্রুত ও সহজে সরকারি সেবা পাবেন।




