
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ১নং জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ শাহিন আলম জনির উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব চরকাওনা নতুন বাজার মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জাঙ্গালিয়া ইউনিয়ন জাসাসের সভাপতি মোহাম্মদ সুমন মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী ও ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ শাহিন আলম জনি, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি বাচ্চু, ১নং জাঙ্গালিয়া ইউনিয়নের আহ্বায়ক সদস্য কামাল, ১নং জাঙ্গালিয়া ইউনিয়ন জাসাসের সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।
সভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাদের মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় শাহিন আলম জনি বলেন, জনপ্রতিনিধি হয়ে জনসেবা করতে হয় এমনটি নয়, আমাকে আপনারা দিনরাত যে কোন সময় ডাক দিয়ে অতীতে পেয়েছিলেন ভবিষ্যতেও পাবেন। স্থানীয় জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। নির্বাচিত হলে জনগণের পাশে থেকে এলাকার সমস্যা সমাধানে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।




