
মেহেরপুরের গাংনী থানা এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) -১২।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এসআরবি গাংনী ক্যাম্পের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবার পাশাপাশি মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে গাংনী থানাধীন তেরাইল বাগানপাড়া এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এ সময় ২৫ পিস ইয়াবাসহ মোঃ রাব্বি (২৫) নামের এক যুবককে আটক করা হয়।
তিনি ওই এলাকার মোঃ খলিলুর রহমানের ছেলে। একই দিন রাত সোয়া আটটার দিকে তেরাইল এলাকায় দ্বিতীয় অভিযান চালায় দলটি। এ সময় ২৮ পিস ইয়াবা, নগদ ৭ হাজার ৭২০ টাকা এবং একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
তারা হলেন— আব্দুর রহমানের ছেলে মোঃ ইমানুর রহমান (৪০) এবং মৃত দলিম উদ্দিনের ছেলে মোঃ মিলন হোসেন (৩৬)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ হস্তান্তর করা হয়েছে।




