
পৃথিবীতে আসার প্রথম প্রহরেই যেন এক সবুজ ভবিষ্যতের বার্তা পেল মাদারীপুরের কালকিনি উপজেলার নবজাতকেরা। “আজকের শিশু আগামীর প্রাণ, একটি চারা গাছ পৃথিবীর নতুন প্রাণ”—এই স্লোগানকে ধারণ করে নবজাতকদের হাতে একটি করে ফলদ ও ভেষজ চারা গাছ তুলে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা প্রশাসন।
শনিবার দুপুরে কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজন ও পৌরসভার অর্থায়নে উপজেলার বিভিন্ন ক্লিনিকে গিয়ে নবজাতক ও তাদের মা-বাবার হাতে এসব সবুজ স্মারক উপহার দেন কালকিনির উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কিশোর কুমার দাশ।
শিশুর জন্মলগ্নে গাছ উপহার দেওয়ার এই ব্যতিক্রমী প্রয়াস প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কিশোর কুমার দাশ বলেন, “শিশুরা যেমন পরম স্নেহে বড় হয়, একটি চারা গাছও ঠিক সেভাবেই যত্নে ডালপালা মেলে। নবজাতকের সাথে এই গাছের চারাটি বড় হয়ে উঠবে এবং ভবিষ্যতে তাকেই ছায়া ও ফল দেবে। নতুন সবুজ প্রাণ সৃষ্টির মাধ্যমে জলবায়ু সুরক্ষায় আগামী প্রজন্মকে যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”
গাছ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইদুল বাশার, কালকিনি খিদমা হাসপাতালের পরিচালক আনিস মোল্লা, যুবদল নেতা মুভিন এবং কালকিনি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
হাসপাতালে চিকিৎসাধীন নবজাতকদের স্বজনেরা উপজেলা প্রশাসনের এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।




