
মানিকগঞ্জ সদর উপজেলায় একটি বন্ধ ঘর থেকে স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছরের কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—আকরাম হোসেন (৪০), তার স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২৪) এবং তাদের দেড় বছরের মেয়ে আলিজা আক্তার।
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার রাতে স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজ ঘরে ঘুমাতে যান আকরাম। শনিবার অনেক বেলা হয়ে গেলেও ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। একপর্যায়ে আকরামের মা দরজার ফাঁক দিয়ে ভেতরে তার ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।
পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, আকরাম ঝুলন্ত অবস্থায় রয়েছেন। একই ঘরে পড়ে আছে তার স্ত্রী প্রিয়াঙ্কা ও ছোট্ট মেয়ে আলিজার নিথর দেহ। মুহূর্তেই পুরো বাড়িতে নেমে আসে শোকের ছায়া। খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আকরাম তার স্ত্রী ও মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।




