
দীর্ঘ ২১৬ দিন পর জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় আবারও গ্যাস সরবরাহ শুরু করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই বন্ধ ছিল কারখানার ইউরিয়া উৎপাদন।
শনিবার রাতে কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, গ্যাস সরবরাহ শুরু হলেও কারখানা সচল করে উৎপাদনে যেতে সময় লাগবে অন্তত ১৫ দিন।
যমুনা সার কারখানায় প্রতিদিন উৎপাদন করা হয় প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া। এই সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ কমান্ড এলাকার ১৯ জেলায় সরবরাহ করা হয়।
দীর্ঘদিন পর গ্যাস সরবরাহ শুরু হওয়ায় কারখানা সংশ্লিষ্টদের মধ্যে ফিরেছে স্বস্তি।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত হলেও যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু ১৯৯১ সালে।




