
সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের ঘাসী নদীর দ্বিতীয় খন্ডের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সরকার থেকে ইজারা নেওয়া ঘাসী নদী দ্বিতীয় খণ্ডের ইজারা বাতিল করে সাধারন জেলেদের জন্য উন্মুক্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে এলাকাবাসী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা পয়েন্টে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে নদী পারের ১০ টি গ্রামের জেলে ও সাধারণ মানুষসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য মো.সেনোয়ার হোসেন,উপজেলা যুবদলের সদস্য এনামুল হক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শহীদ মিয়া প্রমুখ। এছাড়াও আরও অনেকেই বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,ঘাসী নদীর প্রথম খণ্ড ২০০৯ সালে সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে ইজারা প্রথা বাতিল করে সরকার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয় সরকার। কিন্তু দ্বিতীয় খণ্ডের ইজারা বাতিল না হওয়ায় আমরা মাছধরতে গিয়ে ইজারাদারের নির্যাতনের শিকার হচ্ছি।
তারা আরও বলেন, অনেক সময় ইজারাদার নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার করে এতে করে নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়ছে। ইজারা প্রথা বাতিল করে নদীটির দ্বিতীয় খণ্ড উন্মুক্তের দাবি জানাচ্ছি আমরা এলাকার সকলেই ।
জানা যায়,বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ‘ঘাসী নদী ২য় খণ্ড’ জলাশয়টি বাংলা ১৪৩১ থেকে ১৪৩৩ সন পর্যন্ত তিন বছরের জন্য ইজারা নেয় হামিদপুর বন্ধন মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড।
এ বিষয়ে ইজারাদার তাজুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা পাশের ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, জনদাবির পরিপ্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




