
কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ১১৬ মণ ইলিশ। এসব মাছ দুটি ট্রলারে ধরা পড়েছে বলে জানা গেছে।
শনিবার সন্ধ্যায় বড়ঘোপ অমজাখালী জেটিঘাটে মাছগুলো আনা হলে বিক্রির জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।
কুতুবদিয়া মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, বড়ঘোপ দক্ষিণ অমজাখালীর আল-আমিন মার্কেট এলাকায় দুটি ট্রলারে ১১৬ মণ ইলিশ ধরা পড়েছে। ট্রলারের মালিক দুজনই অমজাখালী এলাকার বাসিন্দা। তারা হলেন আবুল বশর প্রকাশ কালাপুতুল কোম্পানি ও ইলিয়াস কোম্পানি। আবুল বশরের ট্রলারে ৬০ মণ এবং ইলিয়াস কোম্পানির ট্রলারে ৫৬ মণ ইলিশ ধরা পড়েছে।
দুটি আড়তে নিলামের মাধ্যমে মাছগুলো প্রায় ২৪ লাখ টাকায় বিক্রি হতে পারে বলে ধারণা করছেন তিনি।




