
ময়মনসিংহের গৌরীপুরে রামগোপালপুর বাজারের পাশের পুকুর থেকে সাকিব মিয়া (২২) নামে এক তরুণের ভাসতে থাকা মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় নিজ বাড়ির সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে উক্ত পুকুর থেকে এ তরুণের মরদেহ উদ্ধার করে গৌরীপুর থানার পুলিশ। উপজেলার রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে নিহত সাকিব মিয়া।
স্থানীয়রা জানান, সাকিব প্রতিদিনের মতোই রাতে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। তার রুমের দরজা খোলা দেখে সকালে লোকজন মনে করে বাসস্ট্যান্ডে গেছে কিন্তু কিছুক্ষণ পর বাড়ির পাশে পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। সাকিবের বাবা মরদেহটিকে শনাক্ত করেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এটি হত্যা না দুর্ঘটনা তা এখনো পরিস্কার নয়। এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বিষয়টি পরিষ্কার হবে।




