
খেলাধুলার মানোন্নয়ন ও তরুণ ফুটবল খেলোয়াড়দের দক্ষতা বিকাশে গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ত রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে উপজেলার ২০ জন ফুটবল খেলোয়াড়কে মাসব্যাপী উন্নত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ফুটবলের মৌলিক ও আধুনিক কৌশল, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, বল নিয়ন্ত্রণ, পাসিং, ড্রিবলিং, শুটিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে গোমতী বি.কে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রশিক্ষনে অংশগ্রহণকারীদের সাথে কৌশল বিনিময় করেন মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল পিএসসি.জি।
তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের দক্ষতা আরও শাণিত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে প্রতিযোগিতামূলক ফুটবলে তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন তিনি।
তিনি আরও বলেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২০ জন খেলোয়াড়ের মধ্যে মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে সনদ বিতরণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় প্রশিক্ষক সুলতান ভূইয়া, গোমতী ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজল হক ভূইয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তীবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় ক্রীড়া প্রেমীরা মাটিরাঙ্গা জোনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে মাটিরাঙ্গার তরুণ খেলোয়াড়রা ভবিষ্যতে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।




