
নওগাঁর বদলগাছীতে পূর্ববিরোধের জের ধরে শতাধিক কলা ও মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে বদলগাছী থানা পুলিশ।
জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যার পর উপজেলার সোহাসা গ্রামের আহম্মদ আলীর ছেলে মিলন হোসেনের রোপণ করা মেহগনি ও কলাগাছ কে বা কারা কেটে ফেলে। খবর পেয়ে রাতেই বদলগাছী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
সরেজমিনে স্থানীয় বাসিন্দা আত্তাব হোসেন, বাচ্চু, হাবিল উদ্দিনসহ অনেকে জানান, সোহাসা গ্রামের সাইদুল ইসলামের ছেলে সুজন হোসেনের সঙ্গে জমি নিয়ে মিলন হোসেনের বিরোধ চলছিল। তাঁদের ধারণা, ওই বিরোধের জের ধরে সুজন হোসেনের লোকজন গাছগুলো কেটে ফেলতে পারেন।
মিলন হোসেন বলেন, তাঁর জমিতে প্রায় দুই মাস আগে লাগানো ৩০টি মেহগনি গাছের মধ্যে ২৫টি কেটে ফেলা হয়েছে। এ ছাড়া ওয়াজেদ আলীর ছেলে সোনা মিয়ার রোপণ করা প্রায় ৪০টি মেহগনি গাছও কেটে ফেলা হয়েছে বলে তিনি জানান।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মিলন হোসেন জানান, এ ঘটনায় তাঁরা আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।




