
বহুল প্রতীক্ষিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে সহ-সভাপতি পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে উভয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক বিজয়ের কণ্ঠের স্টাফ রিপোর্টার আব্দুল খালিক এবং দৈনিক জৈন্তাবার্তার গোলাপগঞ্জ প্রতিনিধি মোঃ বদরুল আলম।
নির্বাচনী তফসিল অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে সহ-সভাপতি পদে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ২০ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করে।
মনোনয়ন বৈধ হওয়ার পর থেকেই প্রার্থীরা ভোটার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করছেন। পাশাপাশি তারা ভোটারদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করছেন।
দীর্ঘদিনের বিভাজন কাটিয়ে গোলাপগঞ্জের সাংবাদিকরা এবার একটি প্রেসক্লাবের অধীনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছেন। পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩ অক্টোবর ব্যালটের মাধ্যমে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ভোটার ও প্রার্থীদের মধ্যে আগ্রহ ও ব্যস্ততা বাড়ছে।




