
জ্বালানি তেলের দাম লিটারে সর্বোচ্চ ২০ টাকা বাড়ানোর খবরে মাগুরার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল কিনতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। দাম বাড়ার আগে পুরোনো দামে তেল নিতে শনিবার রাত থেকেই বিভিন্ন পাম্পে মোটরসাইকেল, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ২০ টাকা এবং কেরোসিনের দামও বাড়ানো হয়েছে। নতুন এ মূল্য দেশের ইতিহাসে জ্বালানি তেলের সর্বোচ্চ দাম।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পুনর্নির্ধারিত দাম রাত ১২টার পর থেকে অর্থাৎ সোমবার (২১ সেপ্টেম্বর) কার্যকর হবে।
এদিকে দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ার পর মাগুরা শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে ভিড় করেন যানবাহনের চালক ও সাধারণ মানুষ। অনেককে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে দেখা যায়। কেউ কেউ বাড়তি দামের আগে প্রয়োজনীয় পরিমাণ জ্বালানি সংগ্রহের চেষ্টা করছেন।
তবে জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা।




