
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইয়ে বাঁধা দেওয়ায় সাংবাদিক ও বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িত আব্দুল আলিম (২২) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। এসময় তার কাছ থেকে একটি চাইনিছ চাপাতি উদ্ধার করা হয়।
সোমবার সকালে টঙ্গীর এরশাদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক শফিকুল ইসলাম শিমুল ঢাকা টুডে ও দৈনিক খবর সংযোগের টঙ্গী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
শিমুল ও তাঁর পরিবারের অভিযোগ, রোববার রাতে এরশাদনগর ১ নম্বর ব্লকের সমাজকল্যাণ অফিস সংলগ্ন সড়কে রবু, সাগরসহ কয়েকজন প্রকাশ্যে ছিনতাই করছিলেন। এসময় বিএনপি নেতা মিরাজ মিয়া স্থানীয় ব্যাবসায়ীদের সাথে নিয়ে তাদের ধাওয়া দেন।
এ ঘটনার জের ধরে রবিবার সকালে বিএনপি নেতা মিরাজ মিয়া ও সাংবাদিক শিমুলের বাড়িতে সশস্ত্র হামলা চালায় তারা। একপর্যায়ে মিরাজ মিয়াকে বাইরে পেয়ে তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার চেষ্টা করে।
এসময় স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যাওয়ার সময় এক হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলম বলেন, ‘ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




