
‘বিএনপির ঐক্যের সামনে রাজাকার আর স্বৈরাচার টিকতে পারবে না। বিগত ১৭ বছর ধরে আমরা আওয়ামী লীগকে ভয় পাইনি। এখন রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগ- কোনো কিছুই বিএনপির ঐক্যের সামনে টিকতে পারবে না।’
দেশে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর।
বক্তব্যে তিনি আরও বলেন, ‘২৪-এর জুলাই-আগস্টের আন্দোলনে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। প্রতিপক্ষের আঘাতে চোখ নষ্ট হওয়ার কবলে পড়েও জীবনের মায়া না করে আন্দোলনের সম্মুখসারি থেকে পিছপা হইনি। ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডে নিষ্ঠার সঙ্গে কাজ করে রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম করেছি।’
এ সময় বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে আদমজী ইপিজেড এলাকা মুখরিত হয়ে ওঠে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া লেকপাড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে নাসিকের ৬ নম্বর ওয়ার্ডের আদমজী ইপিজেড এলাকায় গিয়ে বিক্ষোভ মিছিল শেষে নেতাদের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।
এর আগে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর।




