
হঠাৎ বেড়েছে জ্বালানি তেলের দাম। এতে ক্ষোভ প্রকাশ করেছেন জেলেসহ মৎস্যসংশ্লিষ্টরা। তাঁরা জ্বালানি তেলের দাম কমিয়ে সাধ্যের মধ্যে নিয়ে আসার দাবি জানিয়েছেন।
পটুয়াখালীর বৃহৎ মৎস্যবন্দর মহিপুর ও আলীপুরে বছরজুড়ে ছিল ইলিশের আকাল। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় লোকসানে রয়েছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।
ট্রলার মাঝি সুলতান বলেন, ‘ধার-দেনায় জর্জরিত হয়ে পড়েছি। তার ওপর হঠাৎ করে বেড়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি বেড়েছে ২০ টাকা। এ যেন জেলেদের মরার ওপর খাঁড়ার ঘা।’
জেলে সোবাহান বলেন, ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়বে মাছ আহরণ, পরিবহন ও সংরক্ষণের খরচ। এতে মৎস্য খাতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।’ তাই ক্ষোভ প্রকাশের পাশাপাশি তেলের দাম কমিয়ে সহনীয় পর্যায়ে রাখা অথবা ভর্তুকি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
পটুয়াখালী জেলায় ৭০ হাজার নিবন্ধিত জেলে রয়েছেন। এর বাইরেও অনিবন্ধিত জেলের সংখ্যা অর্ধলক্ষের বেশি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানান, জেলেদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।




