
নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের ১০১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকার গুলশান-১-এর মেজবান ডাইন রেস্টুরেন্টে আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে নবগঠিত কার্যকরী কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আবুল হাসনাত মোঃ মহসীন জুয়েল (ব্যাচ ১৯৯৪) এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আবু নাছের (ব্যাচ ১৯৯৫) দায়িত্ব গ্রহণ করেন। তাঁদের নেতৃত্বে ২০২৬–২০২৮খ্রি: মেয়াদের ১০১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি এসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
নবগঠিত কার্যকরী কমিটির আত্মপ্রকাশের পর অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক,বিশিষ্ট শিক্ষানুরাগী ও মানবিক ব্যক্তিত্ব লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
এ সময় আরো বক্তব্য রাখেন উপস্থিত অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং এসোসিয়েশনের সদস্যবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে এসোসিয়েশনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা, সদস্যদের পারস্পরিক ঐক্য ও সহযোগিতা এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের কল্যাণে করণীয় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
তাঁরা নবগঠিত কমিটির সকল সদস্যকে দায়িত্বশীলতা, নিষ্ঠা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি এসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবিএম শাহাদাত হোসেন ও অ্যাডভোকেট আক্তার জাহান। এছাড়াও কার্যকরী কমিটির অনেক সম্মানিত সদস্য উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির সাফল্য কামনা করেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।




