
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাংবাদিকরা এবার একত্রিত হয়ে একটি অভিন্ন সংগঠনের আওতায় এসেছেন। দীর্ঘদিনের বিভাজন কাটিয়ে স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার উদ্যোগের অংশ হিসেবে ‘ঘাটাইল প্রেসক্লাব ১৯৮৫’-এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে নতুন কার্যালয়টির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একসময় ঘাটাইলে ছয়টি সাংবাদিক সংগঠন বা ক্লাব থাকায় সাংবাদিকদের মধ্যে বিভাজন তৈরি হয়েছিল। এর ফলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের ঐকান্তিক প্রচেষ্টায় সবাইকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়। সেই উদ্যোগের ধারাবাহিকতায় এখন ঘাটাইলের সাংবাদিকদের অভিন্ন ঠিকানা হিসেবে ‘ঘাটাইল প্রেসক্লাব ১৯৮৫’ প্রতিষ্ঠিত হয়েছে।
ঐক্যবদ্ধ সাংবাদিকদের আহ্বায়ক নুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সাংবাদিক খান ফজলুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমাদুল হাসান। এ ছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, সদস্য মো. রফিকুল ইসলাম, জিবিজি সরকারি কলেজের সাবেক এজিএস মো. সেলিম রেজা, জামুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম সুলতান, যুবদল নেতা আফজাল হোসেন, ব্যবসায়ী আব্দুস সাত্তার এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের টাঙ্গাইল জেলা সহকারী সাধারণ সম্পাদক হোসেনে মোবারক বাবুল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব সারোয়ার জাহান কলি, আনোয়ার হোসেন বকুল, উত্তম কুমার আর্য্য, গোলাম মোস্তফা তালুকদার, এবিএম আতিকুর রহমান, রবিউল আলম বাদলসহ অনেকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমাদুল হাসান তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হওয়ায় তাদের পেশাগত অধিকার রক্ষা করা সহজ হবে। পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরা, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ আরও শক্তিশালী করার ক্ষেত্রেও এই ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা স্থানীয় সমস্যা সমাধান ও জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আহ্বায়ক কমিটির নেতারা আশা প্রকাশ করেন, শিগগিরই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
ঘাটাইলের সাংবাদিকরা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের এই ঐক্য স্থানীয় গণমাধ্যমকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




