
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশিক আহমেদের সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের সমন্বয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, বিএনপির নেছারাবাদ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মানিক, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, নেছারাবাদ প্রেসক্লাবের সভাপতি মো. তরিকুল ইসলাম, স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম ইসলাম জাহিদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিরা।
সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক আহমেদ গণমাধ্যমকর্মীদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নেছারাবাদ উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে গণমাধ্যমকর্মীদের মতামত শোনেন এবং প্রশাসনের কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
এ সময় গণমাধ্যমকর্মীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন এবং জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয়।
সভায় নবাগত ইউএনও মো. আশিক আহমেদ নেছারাবাদ উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। শেষে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।




