
পাবনায় অসহায়, দরিদ্র, এতিম, অন্ধ, বিকলাঙ্গ, বধির মানুষের একমাত্র আশ্রয় স্থল হিসেবে পরিচিত প্রফেসর আবুল হোসেন স্যারের পাবনা মানব কল্যাণ ট্রাষ্ট। ট্রাষ্টটি ইতিমধ্যেই অসহায়দের আশ্রয়স্থল এবং ক্যাম্পাসের মনোরম পরিবেশের জন্য মানুষের মনে স্থান করে নিয়েছে।
প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম প্রধানমন্ত্রী তারেক রহমানের দর্শনের দাবী জানিয়ে মঙ্গলবার দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর আবুল হোসেন।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনার সিংগা মানবকল্যাণ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. আলমগীর হোসেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল প্রমুখ।
মতবিনিময় সভায় ট্রাষ্টের চেয়ারম্যান অধ্যাপক আবুল হোসেন বলেন, তিনি সরকারের কাছে কোনো প্রকার আর্থিক সাহায্য চান না। তিনি শুধু তার প্রতিষ্ঠিত মানবকল্যাণ ট্রাষ্টটি বর্তমান প্রধানমন্ত্রী একনজর পরিদর্শন করে যাবেন। দেখে যান তারা কিভাবে সমাজের অসহায় শিশু কিশোর আবালদের আশ্রয় দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, শুধু মানুষের জন্য নয় পশুপাখি কুলের জন্যও তিনি বৃক্ষ রোপন করছেন এবং গাছে গাছে তাদের আবাসস্থলের জন্য মাটির কলসি বেঁধে পাখির বাসা করে দিয়েছেন। যাতে পাখিরা আরামে বাস করতে পারে।
ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান ড. আলমগীর হোসেন বলেন, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে বর্তমানে ১৪৮ জন আবাসিক ছাত্র রয়েছে। এর মধ্যে অন্ধ ৫১ জন, বিকলাঙ্গ ৪ জন, বধির ১২ জন। তাদের দেখাশোনা ও পাঠদানের জন্য ১৮ জন শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন। এসব আবাসিক শিক্ষার্থীদের খাওয়াদাওয়া, পোষাক ও পড়াশোনা বাবদ প্রতিমাসে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয়ে থাকে। প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় পাবনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।




