
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের প্রতিবন্ধী ছেলে আব্দুর রহমান। বাবা অন্যের জমিতে দিনমজুর খাঁটে, মা গৃহিনী। জন্মগতভাবে প্রতিবন্ধী আব্দুর রহমান এতোদিন পরিবারের কাঁধে বোঝা হয়েই চলছিল। সম্প্রতি বিষয়টি নজরে আসে ভেড়ামারার ইউএনওর। তিনি এই প্রতিবন্ধীর কষ্ট লাঘবে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন। আজ সকালে উপজেলা কার্যালয়ে হুইলচেয়ারটি হস্তান্তর করা হয় তাকে।
হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে শিশুটির পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। আব্দুর রহমানের মা খাতনা বলেন, “আমাদের অসহায় অবস্থার কথা শুনে ইউএনও স্যার যেভাবে আন্তরিকতা ও মানবিকতার পরিচয় দিয়েছেন, তা আমরা কখনো ভুলবো না। তাঁর এই সহমর্মিতা আমাদের পরিবারের জন্য অনেক বড় সহায়তা হয়ে এসেছে। এখন হুইলচেয়ারে বসে আমার ছেলে নিজে নিজেই চলতে পারবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত বলেন, প্রশাসনের দায়িত্ব শুধু দাপ্তরিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়, মানবিক দায়িত্ববোধ থেকেও মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। বিশেষ করে অসহায় ও প্রতিবন্ধী মানুষের সহযোগিতায় প্রশাসন সবসময় আন্তরিক রয়েছে।
বাহাদুরপুর ইউনিয়নের বিএনপি নেতা আব্দুস সালাম ইউএনও’র এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সাধারণ মানুষের প্রতি সহানুভূতিশীল এমন কর্মকাণ্ড প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি করবে।




