
শরীয়তপুরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের ‘গুণী শিক্ষক’ মনোনীত হয়েছেন গোসারহাট উপজেলার ২ নং দাসের জঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ গেলমানুল হক।
সোমবার (২১ সেপ্টেম্বর) শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি জেলার ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ার স্বীকৃতি অর্জন করেন। এছাড়া আরও দুজন গুণী শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন বলে জানা গেছে।
শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকদের মধ্যে থেকে ধাপে ধাপে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পান। নির্বাচিত হওয়া এই ‘গুণী শিক্ষক’ এর মধ্যে আসন্ন ‘বিশ্ব শিক্ষক দিবস-২৬’ উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে।
এ ব্যাপারে গুণী সহকারি শিক্ষক মোহাম্মদ গেলমানুল হক বলেন, উপজেলা ও জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে স্বীকৃতি পাওয়া আমার জন্য পরম আনন্দের ও গর্বের বিষয়। এই প্রাপ্তি শুধু আমার একার নয়, আমার বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সহকর্মী এবং শুভাকাঙ্খীদের ভালোবাসার ফসল। এই সম্মাননা কাজের প্রতি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল। আগামীতেও যেন শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা ও সঠিক মূল্যবোধ ছড়িয়ে দিতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন।




